প্রথম বার বিভাগীয় শহরে হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:২১

দেশে প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। করোনা মহামারিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এবং ভ্রমণের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শুক্রবার থেকে দেশের সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হবে। ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩২৪টি। আসনপ্রতি ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

উপাচার্য বলেন, এবার মোট আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে ঢাকার বাইরে সাতটি কেন্দ্র থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

উপাচার্য বলেন, ডিজিটাল জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে যারা কাজ করত; তাদের আইনের আওতায় আনা হয়েছে। যারা জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছিল, তাদের ভর্তি বাতিল করা হয়েছে। জালিয়াতি চক্রের মূল উত্পাটনে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স অবস্থানে আছে। তিনি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় বেলা ১১টা নির্ধারণ করা হয়েছে। দেড় ঘণ্টা পরীক্ষা হবে। ‘ক’ ইউনিটের পরীক্ষা ১ অক্টোবর, ‘খ’ ইউনিট ২ অক্টোবর, ‘গ’ ইউনিট ২২ অক্টোবর এবং ‘ঘ’ ইউনিট ২৩ অক্টোবর। ‘চ’ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর হবে। ক, খ, গ ও ঘ ইউনিটে বহুনির্বাচনি ও লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনি পরীক্ষা হবে ৬০ নম্বরে এবং লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরে। শুধু ‘চ’ ইউনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে।

‘ক’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন, ‘খ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ দশমিক শূন্য ৩ জন, ‘গ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১ দশমিক ৯০ জন, ‘ঘ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৩ দশমিক ৮১ জন এবং ‘চ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৪ দশমিক ৭৯ জন।