আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন তিউনিসিয়ার নাজলা বাউডেন। দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রকৌশলীর নাম ঘোষণা করেছেন। নাজলা এর আগে বিশ্বব্যাংকেও কাজ করেছেন। এর বাইরে তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
প্রায় দুই মাস আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। গত সপ্তাহে তিনি নতুন ডিক্রি জারি করেন। এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়। বলা হয়, দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ। এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানায় বিভিন্ন দেশ ও সংস্থা। নাজলা এমন এক সময় তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন যখন দেশটিতে নানাবিধ সংকট চলছে। ২০১১ সালে বিপ্লবের মাধ্যমে দেশটি গণতান্ত্রিক যাত্রা শুরু করে। বর্তমান দেশটিতে ব্যাপক অর্থনৈতিক সংকট চলছে।
মধ্যপ্রাচ্যে আরব বসন্ত নামে যে গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার সূচনা হয়েছিল সেই দেশটি হচ্ছে তিউনিসিয়া। দেশটি’র গণতন্ত্রপন্থী বিক্ষোভ দাবানলের মতই ছড়িয়ে পড়েছিল আরব বিশ্বের এক বিরাট অংশ জুড়ে। -সিএনএন
