ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে গতকাল সোমবার সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেন, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- ডিআরইউ’র অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, দপ্তর সম্পাদক মো. জেহাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমদাদুল হক খান, কার্যনির্বাহী সদস্য বাদল নূর, মোহাম্মদ মাকসুদুল হাসান, রাশেদুল হক, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, মুরসালিন নোমানী, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, বিএফইউজের একাংশের মহাসচিব এম. আব্দুল্লাহ, ডিইউজের একাংশের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশেনর সহ-সভাপতি মিজান মালিক, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম।
নেতৃবৃন্দ বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনীকে হত্যা করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয়- হত্যাকাণ্ডের পর সাত বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের আজও শনাক্ত কিংবা গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে চাঞ্চল্যকর এই মামলার খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তারা। সমাবেশ শেষে নেতৃবৃন্দ র্যালি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে স্মারকলিপি তুলে দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাগর-রুনী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সরকার আন্তরিক। আশা রাখি দ্রুতই এর একটা সমাধানে পৌঁছতে পারব। খুনিরা ধরা পড়বে। এই দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় মন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন।
