ব্যভিচার সংক্রান্ত দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধন চেয়ে রিট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

ব্যভিচার সংক্রান্ত দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, ওই ধারাটি সংবিধানের ২৭, ২৮ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এতে নারী ও পুরুষকে আলাদাভাবে বিবেচনা করা হয়েছে, যা একজন নারীর জন্য অপমানজনক। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। এতে আইন মন্ত্রণালয়ের আইন সচিব ও লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত দণ্ডবিধির ৪৯৭ ধারায় ‘ব্যভিচার’ এর বিষয়ে বলা হয়েছে। এতে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রী অথবা যাকে সে অপর কোনো ব্যক্তির স্ত্রী বলে জানে বা তার অনুরূপ বিশ্বাস করার কারণ রয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে উক্ত অপর ব্যক্তির সম্মতি ও সমর্থন ব্যতীত এইরূপ যৌন সঙ্গম করে যা নারী ধর্ষণের সামিল নহে, তবে সেই ব্যক্তি ব্যভিচারের অপরাধের জন্য দোষী হবে। তাকে ৫ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ডে, উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে। অনুরূপ ক্ষেত্রে স্ত্রী লোকটি দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে দণ্ডিত হবে না।

পরে অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, আইনের এই ধারাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তা সংশোধনের নির্দেশনা চাওয়া হয়েছে।