উন্নয়নে বাধা সিস্টেম লস, মূলে দুর্নীতি ------------ দুদক সচিব

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

উন্নয়নের বড় বাধা হচ্ছে সিস্টেম লস। আর সব সিস্টেম লসের পেছনে দুর্নীতি রয়েছে, যা সমন্বিতভাবে প্রতিরোধ ও প্রতিকার করতে হবে। তা না হলে উন্নয়নের মহাসড়কে আমাদের অবস্থানকে আরও দৃঢ় ও টেকসই করতে পারব না। উন্নয়নের স্বার্থে যে কোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। গতকাল সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের আইনি দায়িত্ব হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা। তাই এই প্রতিষ্ঠানের কর্মে  আমরা যারা জড়িত তাদের নিজেদের সকল প্রকার দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আর কেউ দুর্নীতিতে জড়ালে পরিণতি সুখকর হবে না।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কমচারী উপস্থিত ছিলেন।