ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি জনগুরুত্বপূর্ণ খাল দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করছে দখলদাররা। এই দখলের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গত রবিবার স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে খাল দখল কাজে বাধা প্রদান করলেও দখলদাররা কাজ চালিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূত্রধরপাড়া এলাকায় সরাইল সরকারি কলেজ রোডের পাশে একটি জনগুরুত্বপূর্ণ খাল দখলের পর সেখানে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।
রবিবার সাংবাদিকরা সরেজমিনে এলাকায় গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কিছু শ্রমিক কাজ বন্ধ রেখে সটকে পড়লেও দখলদার কয়েকজন উপস্থিত ছিলেন। তবে তারা সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হয়নি। স্থানীয়রা জানান, সূত্রধরপাড়া গ্রামের হরিদাস সূত্রধর ও বীনা রাণী সূত্রধরসহ কয়েকজন এ সরকারি খাল দখল করে এখানে বহুতল ভবন নির্মাণ করছেন। ভূমি কর্মকর্তা এ কাজে বাধা দিতে গেলেও তারা বাধা উপেক্ষা করে এ খালে কাজ চালিয়ে যাচ্ছে।
কালীকচ্ছ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ইউএনওর নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দিয়ে এসেছি। তারা সরকারি খালের ওপর বহুতল ভবন নির্মাণ করছে, বিষয়টি সরেজমিন তদন্তে প্রমাণ পেয়েছি। কোনো অবস্থাতেই এই খাল দখল করতে দেওয়া হবে না। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা বলেন, খাল দখলের খবরে সেখানে ইউনিয়ন ভূমি অফিসারকে পাঠিয়েছি। সরকারি খাল দখলদারদের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
