স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের বাস ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, হল বন্ধ করে পরীক্ষা চলছে। এ অবস্থায় মেসগুলোতে তীব্র আবাসন সংকট। থাকার অবস্থা নেই। পড়াশোনার অবস্থা খুবই করুণ। তাই অনতিবিলম্বে তারা হল খোলার দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এর আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বৃহস্পতিবার বিকেলে দৈনিক ইত্তেফাককে বলেন, হল খোলার ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক। আগামী ৪ অক্টোবর একাডেমিক কাউন্সিলের সভা আছে। একই দিনে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচডি
