ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক’ ইউনিটের প্রথম দিনের পরীক্ষা। এই ইউনিটে ১১ হাজার ২১০ জন পরীক্ষার্থী থাকলেও উপস্থিত ছিলেন ৮ হাজার ৭০০ জন।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয় ‘ক’ ইউনিটের পরীক্ষা, যা শেষ হয় বেলা সাড়ে ১২টায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন।
এদিন বেলা সাড়ে ১১টায় হল পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। চবিতে ভর্তি পরীক্ষায় অতীতেও জালিয়াতির ঘটনা ঘটেনি। আমরা এ সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রস্তুত।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবে ২৮ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী। ০২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন ও ‘চ’ ইউনিটের পরীক্ষায় প্রায় ১ হাজার জন ভর্তিচ্ছু চবিতে পরীক্ষা দিবে।
ইত্তেফাক/এমএএম
