ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত এক সপ্তাহ ধরে চলছে প্রচণ্ড গরম। সূর্যের প্রচণ্ড তাপে উপজেলা জুড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়তে থাকায় প্রাণিকূল ও জনজীবনে উঠেছে চরম হাঁসফাঁস। অন্যদিকে অনাবৃষ্টি ও সঠিক সময়ে সেচ দিতে না পাড়ায় প্রচণ্ড দাবদাহে আমন ও রবি ফসলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন প্রান্তিক কৃষকরা।
ফেরুষা গ্রামের কৃষক সিদ্দিক মিয়া জানান, এক সপ্তাহ থেকে বৃষ্টির দেখা নেই। তাই বাধ্য হয়ে সেচ যন্ত্র দিয়ে আমন ও সবজি খেতে পানি দিচ্ছি। শুধু সিদ্দিক মিয়া নন, বিভিন্ন এলাকার প্রান্তিক চাষিরা উত্পাদিত ফসল রক্ষার্থে শ্যালো মেশিন ও সেচযন্ত্র দিয়ে উঁচু এলাকার আমন খেত ও সবজি খেতে পানি দিচ্ছেন। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, গেল কয়েক দিন থেকে তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরো চার-পাঁচ দিন থাকলেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই।
