নড়াইল প্রতিনিধি
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শিল্পী সুলতানের প্রতিষ্ঠিত শিশুস্বর্গ ভবনে এ ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী প্রমুখ।
এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী জানান, ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও নড়াইলের বিভিন্ন আর্ট কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ৩৬ জন চারুকলার ছাত্র এ আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এ আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
