নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর শহরের অজহর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাখের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন রেজাউল হক টিটু, মো. আবুল কালাম আজাদ ও আবু সায়েম। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাখের আহম্মেদ জানান, নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে প্রলোভন দেখায় ঐ প্রতারকরা। পরে নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকার সাত জনের কাছ থেকে মোট ৪৩ লাখ ৬০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। পরে পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগপত্র আসলে তাদের সন্দেহ হয়। শুক্রবার বিকালে প্রতারকরা বাকি টাকা নেওয়ার জন্য নেত্রকোনায় আসলে তাদের আটক করে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। পরে মোবাইলে ২ লাখ টাকা ফেরত দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। প্রতারকদের বিরুদ্ধে নেত্রকোনার উলুয়াটি গ্রামের মো. নাজমুল হাসান খান বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেছেন।
