সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:২৯

দাউদকান্দিতে হত্যা মামলায় তিন আসামি গ্রেফতার

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা অটোরিকশা চালক আশরাফুল আমীন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। বৃহস্পতিবার র্যাব-১১ এর হাতে ৩ জন আসামি গ্রেফতারের পর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। গ্রেফতারকৃতরা হলো : সরকাপুর গ্রামের সাইদুল, ভুলিরপাড় গ্রামের কিশোর সাহা ও আঙ্গাউড়া গ্রামের রিফাত। তাদরে মধ্যে কিশোর ও রিফাতকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আহম্মদ জানান, আসামিরা অটোরিকশা চালক আশরাফুলকে দৈয়াপাড়া যাবে বলে গৌরীপুর বাজার থেকে ভাড়া করে নিয়ে যায়। সেখানে একটি নির্জন পুকুর পাড়ে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তবে অটোরিকশাটি নিতে পারেনি। তারা প্রায়ই সিএনজি অটোরিকশা ছিনতাই করে বলে স্বীকার করেছে। আসামিদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর অটোরিকশা চালক আশরাফুল আমীনের লাশ উপজেলার দৈয়াপাড়া গ্রামের একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়।

বানারীপাড়ায় গাঁজাসহ গ্রেফতার ২

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়ায় আধা কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে বরিশালের ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বানারীপাড়া বাসস্ট্যান্ড থেকে পলাশ বালা ও নাসিরকে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের বাড়ি পৌর এলাকায়। পরে তাদেরকে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান।

হিন্দু আইন সংস্কারের দাবিতে মতবিনিময়

বরিশাল অফিস হিন্দু আইন সংস্কারের দাবিতে শুক্রবার বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর কালীবাড়ি রোডে ধর্মরক্ষিণী সভাগৃহে এ সভা অনুষ্ঠিত হয়। বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ড. ননী গোপাল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পুলক ঘটক, প্রবীণ সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণ

বরিশাল অফিস বরিশাল নগরীর ছয় শতাধিক অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর ভাটিখানায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, হুমাউন কবীর, আনিছুর রহমান দুলাল প্রমুখ। 

জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা আজ

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা আজ ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা। আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে বর্ধিত সভা। এই সভাকে সফল করে তুলতে শুক্রবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখা র্যালি ও আলোচনাসভার আয়োজন করে। র্যালিটি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়।

গ্রামীণ রাস্তার উন্নয়নকাজ উদ্বোধন

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরের হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে ধুলাউড়ি-বোয়ালমারী সংযোগ সড়কের এইচবিবিকরণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কাজের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার। এ সময় হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, হরিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী হায়দার সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

গাছের চারা রোপণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ৭৫টি ভেষজ গাছের চারা রোপণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান অংকুর। এ সময় হাসাপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. কামরুল হাসান, ডা. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাসিক আইনশৃঙ্খলা সভা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সভাপতিত্বে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়।