‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:৩৬

আজ সকাল ১০টা ৩৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এম আসলাম লিটনের রচনায় এটি প্রযোজনা করেছেন এরশাদ হোসেন। এতে দেখা যাবে টিটু ও মিতু নামের দু’জন শিশুশিল্পীর গোয়েন্দাগিরি! ধারাবাহিকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, ফারজানা ছবি, কবির আহমেদ, নুসরাত জাহান নদী, ইশরাক তুর্য, সামিন নীল, আনভিতা, আলভীসহ অনেকে।

গাউস নগর কলোনিতে এখনো মহল্লার পরিবেশ বিরাজমান। সেখানেই বাস করেন লেখিকা পাঁপড়ি তরফদার ও বাংলার অধ্যাপক রায়হান তরফদার। তাদের দুই সন্তান মিতু আর টিটু। একজন অষ্টম ও অন্যজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুই সন্তানই মেধাবী ও বুদ্ধিদীপ্ত। ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। সব গোয়েন্দা গল্প তাদের মুখস্থ। নিজেরাও গোয়েন্দাগিরি করে স্কুলের বন্ধুদের অনেক সমস্যার সমাধান করেছে। তাদের এই গুণের কথা পাড়ার সকলের জানা। এক সময় লেখিকা মা নামি প্রকাশনী থেকে কিশোর গল্প লেখার প্রস্তাব পান। কিন্তু ঠিক কী লিখবেন বুঝতে পারেন না। সন্তানদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন গোয়েন্দা গল্প লেখার। মিতু আর টিটু যেসব কেস সমাধান করবে মা সেই গল্পই সাহিত্যের মাধুরী দিয়ে লিখে ফেলবেন।