উপজেলা পরিষদ নির্বাচন
বান্দরবান প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনে বান্দর-বানের সাতটি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে ছয় উপজেলায় পুরনো প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। শুধু সদর উপজেলায় আবুল খায়ের মো. জাহাঙ্গীরকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
রবিবার আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন বান্দরবান সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক আবুল খায়ের মো. জাহাঙ্গীর, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাঈল, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, নাইক্ষ্যংছড়িতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, থানচি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থোয়াইহ্লামং মারমা, রোয়াংছড়িতে আওয়ামী লীগ নেতা চহাইমং মারমা এবং রুমা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহলাচিং মারমা।
বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সহ-প্রচার প্রকাশনা সম্পাদক আবুল কালাম মুন্না জানান, জেলা আওয়ামী লীগ সাতটি উপজেলা থেকে তিনজন করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছিল। তালিকা থেকে যাচাই-বাছাই করে কেন্দ্রীয়ভাবে সাতজন চেয়ারম্যান প্রার্থীকে মনোনীত করা হয়েছে। ভাইস চেয়ারম্যানদের তালিকাও পাঠানো হয়েছে। তবে তাদের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।
