চাঙ্গা থাকতে আইপিএল ছাড়লেন গেইল

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২১:৪৪

টানা কয়েক মাস জৈব বলয়ে থাকতে থাকতে ক্লান্ত ক্রিস গেইল। সামনে অপেক্ষা করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে নিজের মানসিকতা সতেজ রাখতে ‘মুক্ত বাতাসের’ দরকার ছিল ক্যারবিয়ান এই ব্যাটসম্যানের। তাই আইপিএল শেষ হওয়ার আগেই পাঞ্জাব কিংসের বায়ো-বাবোল ছাড়েন তিনি। চলতি বছরে গেইলের থেকে বেশি টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৬ ক্রিকেটার। এবার আইপিলের দ্বিতীয় ভাগে পাঞ্জাবের হয়ে তিন ম্যাচের দুটিতেই খেলেন তিনি। যেহেতু বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতেই হবে তাই শুরু হওয়ার আগ পর্যন্ত দুবাইতে থাকবেন ইউনিভার্স বস। আইপিএল ছেড়ে যাওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে ৪২ বছর বয়সি গেইল বলেন, ‘গত কয়েক মাস ধরে, আমি ওয়েস্ট ইন্ডিজ, সিপিএল ও আইপিএলে  বলয়ের মধ্যে ছিলাম। মানসিকভাবে এখন নিজেকে সতেজ ও চাঙ্গা রাখতে চাই। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সহায়তা করতে নতুন মনোযোগ দিতে চাই  এবং দুবাইয়ে বিরতি নিতে চাই। আমাকে ছেড়ে দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ।’