স্টাফ রিপোর্টার, বগুড়া
উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ১২ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার ঢাকায় বগুড়া জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগ থেকে একক তালিকা মনোনয়নের জন্য ঢাকায় দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
১২ উপজেলায় এবার প্রার্থী ঘোষণায় আটটিতে নতুন মুখ এসেছে। নন্দীগ্রাম, আদমদীঘি, শেরপুর ও গাবতলী উপজেলায় পুরনোদেরই প্রার্থী ঘোষণা করা হয়।
বগুড়া সদর উপজেলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সফিককে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি উপজেলা নির্বাচনে নতুন মুখ।
সারিয়াকান্দিতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিবিদ মো. মুনজিল আলী সরকারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি এবার নির্বাচনে নতুন প্রার্থী।
সোনাতলা উপজেলায় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাদুজ্জামান লিটনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনিও এবারের নির্বাচনে নতুন প্রার্থী। মিনহাদুজ্জামান লিটন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের শ্যালক।
শেরপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুকে এবারো দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি জামায়াত নেতা দবিবর রহমানের কাছে পরাজিত হন।
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপির মোহিত তালুকদারের কাছে হেরে যান।
শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি গত উপজেলা নির্বাচনে জামায়াত নেতা আলমগীর হুসাইনের কাছে হেরে যান।
ধুনটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি এবার নতুন প্রার্থী।
গাবতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আযম খান এবার আবারো প্রার্থী। গত উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী মোরশেদ মিলটনের কাছে পরাজিত হন।
দুপচাঁচিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নন্দীগ্রামে যুবলীগের সাবেক নেতা রেজাউল আশরাফ জিন্নাহ এবং শাজাহানপুরে উপজেলা যুবলীগের সোহরাব হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়।
