‘হেইয়ো রে হেইয়ো’ তালে নৌকাবাইচ

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:০০

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

মুজিবশতবর্ষ উপলক্ষ্যে নবাবগঞ্জের নয়নশ্রী  ইউনিয়নের দেওতলায় ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে দেওতলা নবারুণ সংঘ এই নৌকা বাইচের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

 এ সময় নানা রং মেখে সং সেজে ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা নিয়ে হাজির হন দর্শকরা। তাদের টান টান উত্তেজনার মধ্যেই নৌকার বাইচারা হাঁক দিলেন ‘হেইয়ো রে হেইয়ো’। বাইচে নবাবগঞ্জ এবং পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলা থেকে নানা নামের ৮-১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।

দর্শনার্থীরা ঢোল, তবলা নিয়ে নেচে গেয়ে এক বর্ণিল পরিবেশ সৃষ্টি করে এলাকা জুড়ে। নানা রঙে সাজানো হয় নৌকা। এ উপলক্ষ্যে নদীপাড়ে বসে রকমারি পণ্যের মেলা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওতলা নবারুণ সংঘের সভাপতি মো. মাসুদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।