‘তরুণদের বইয়ে আগ্রহী করতে প্রকাশনার নতুন পথ খুঁজতে হবে’

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:০০

ইউপিএলের ১৫ দিনের বই প্রদর্শনী শুরু

ইিত্তেফাক রিপোর্ট

স্বাধীন বাংলাদেশে প্রকাশনাকে শুরুতেই বিশ্বমানে নিয়ে গিয়েছিলেন ইউপিএল প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ। বৈচিত্র্যপূর্ণ বিষয়, ভালো লেখকদের তুলে ধরে তিনি বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সৃষ্টি করেছেন মানবিক গুণসম্পন্ন মানুষ। বাংলাদেশের প্রকাশনার মান আজ যে অবস্থানে দাঁড়িয়েছে তা একা হাতে গড়েছেন মহিউদ্দিন আহমেদ। গতকাল ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-ইউপিএল ১৫ দিনব্যাপী বার্ষিক বই বিক্রি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রদর্শনীর উদ্বোধন পরিণত হয়েছিল প্রয়াত মহিউদ্দিন আহমেদের স্মৃতিচারণ অনুষ্ঠানে।

গতকাল বিকালে ইউপিএল এর নতুন কার্যালয়ের উদ্বোধন ও বইয়ের ‘গ্র্যান্ড সেল’ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফার্মগেটে গ্রিন সুপার মার্কেটের উলটোপাশে আরএইচ হোম স্টোরের তৃতীয় তলায় শুরু হয়েছে এ প্রদর্শনী। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সাদেকা হালিম, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, ইউপিএলের পরিচালক ড. মেহতাব খানম ও ইউপিএলের প্রাক্তন উপদেষ্টা বদিউদ্দিন নাজির। সঞ্চালনা করেন ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।

মুহম্মদ নূরুল হুদা বলেন, মহিউদ্দিন আহমেদ প্রকাশনা প্রতিষ্ঠানের গবেষণা, সম্পদনা ও আরো পেশাদার প্রকাশনার সারাজীবন সচেষ্ট ছিলেন। তার দেখানো পথেই আজকের প্রকাশনা শিল্প দাঁড়িয়ে রয়েছে।

অধ্যাপক সাদেকা হালিম বলেন, অভিভাবক ও শিক্ষার্থীরা অতিমাত্রায় কর্মমুখী শিক্ষার দিকে ঝুঁকছেন। ফলে কর্মক্ষেত্রে উপযোগী মানুষ পাওয়া গেলেও মানবিক গুণসম্পন্ন মানুষ সৃষ্টি হচ্ছে না। তরুণদের বইপড়ার দিকে ঝোঁক কম। তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে প্রকাশনার নতুন পথ খুঁজে নিতে হবে। মিনার মনুসর বলেন, বাংলাদেশের প্রকাশনা শিল্পকে বিশ্বমানে নিয়ে গিয়েছিলেন মহিউদ্দিন আহমেদ। যা পরবর্তী সময়ে নতুন প্রকাশকদের সামনে এগিয়ে যেতে পথ দেখিয়েছে। প্রদর্শনীতে ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে বই কিনতে পারবেন পাঠকরা। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।