সিংগাইরে রিসোর্ট থেকে হাত-পা বাঁধা দুই শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৬

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:০১

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

৯৯৯ নম্বরে ফোন পেয়ে সিংগাইর থানা পুলিশ  একটি রিসোর্ট থেকে হাত-পা বাঁধা অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার ও ছয় আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরে বকচর শাহ মেরিন রিসোর্ট থেকে ঐ শ্রমিকদের উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রিসোর্টের কর্মচারী টাঙ্গাইলের ভূঞাপুর থানার রুহুলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাদ্দাম, কুমিল্লার হোমনা থানার চিত্পুরের আব্দু মিয়ার ছেলে জসিম, আসাদপুরের আব্দুল জলিলের ছেলে সাইফুল, বগুড়ার সারিয়াকান্দি থানার চর আকববাই গ্রামের মাহাবুব প্রামানিকের ছেলে সুবেল রানা, সাটুরিয়া থানার আকাশী গ্রামের নাসির উদ্দিনের ছেলে রাব্বি ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর কাথাদিয়ো গ্রামের মিজানুর রহমানের ছেলে মিরাজুল।  উদ্ধারকৃত দুই জনের নাম উজ্জ্বল মোল্লা ও সামিউল।

 রাজবাড়ী জেলার সদর থানার ডাউকি গ্রামের তোফাজ্জল হোসেন মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লার শুক্রবার থানায় দায়ের করা মামলা থেকে জানা যায়, সে এবং রংপুরের পীরগাছা থানার পিয়ারপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে সামিউল রুমম্যান এবং ওয়েটার হিসেবে গত ১৬ সেপ্টেম্বর থেকে রিসোর্টে চাকরি করেন। বৃহস্পতিবার বিকালে তাকে এবং সামিউলকে রিসোর্টের তিন তলার একটি কক্ষে নিয়ে মোবাইল ফোনসেট চুরির অপবাদ দিয়ে বেঁধে বেদম প্রহার করে রিসোর্টের কর্মচারীরা। ওলাইল সিকিউরিটি কোম্পানির জিএম আরাফাত এবং রিসোর্টের মালিকের স্ত্রীর হুকুমেই তারা মারধর করার পর কেচি ও ব্লেড দিয়ে মাথার চুল ও চোখের ভ্রু কেটে তাদের মুখমণ্ডল নষ্ট করে দেয়। এরপর তারা উজ্জ্বলের ব্যবহূত মোবাইল দিয়েই ছবি তুলে তারই ফেসবুক আইডি থেকে পোস্ট করে।  ফেসবুকে ছবি দেখে এবং বিস্তারিত মোবাইল ফোনে জানতে পেরে উজ্জ্বলের বাবা বিষয়টি জানতে পারেন। তার চাচা ৯৯৯ নম্বরে ফোন করলে সিংগাইর থানার ধল্লা  ফাঁড়ির পুলিশ  তাদের উদ্ধার ও আসামিদের আটক করে। এ ব্যাপারে মারধরের  অভিযোগ ও আইসিটি আইনে দুটি মামলা হয়েছে।