আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম রমজান মিয়া। সে নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে। রমজান মিয়া আশুলিয়ার জামগড়া মোল্লাবাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

গতকাল সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানার সামনে থেকে রমজানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রমজানের খালা বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।