নবীনগরে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মিছিল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নবীনগর সংবাদদাতা

নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছে। গতকাল সোমবার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পূর্বে দলের কতিপয় মনোনয়ন প্রত্যাশীরা সংসদ সদস্য ও দলের একক প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ দলের নেতা-কর্মীরা তীব্র নিন্দা জানিয়ে ‘৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে নইলে অবাঞ্ছিত ঘোষণা করা হবে’ মর্মে আল্টিমেটাম দিয়ে তাদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের তৃণমূল ও দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। দলের ১৯ জন মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে তিন প্রার্থী জহির উদ্দিন সিদ্দিক, সিরাজুল ইসলাম ফেরদৌস ও আল-আমীন দলের মনোনীত প্রার্থী যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের আত্মীয় ও ভুয়া মুক্তিযোদ্ধা বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেন। দল ও সংসদ সদস্যের বিরুদ্ধে তাদের এহেন অপপ্রচারে মুক্তিযোদ্ধাসহ দলের নেতা-কর্মীরা তীব্র প্রতিবাদে ফেটে উঠে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দলের স্বার্থে কাজ করে আসছি।

এ সময় মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন নসু, দলের সহ-সভাপতি সুজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, শফিউল আলম, মোঃ জসিম উদ্দিন, মোশারফ হোসেন সরকার, ইয়াবের হাসান জামিল, আজাহার হোসেন, পিন্টু ভদ্র, মইনুল সিকদার, জাকির হোসেন সাদেক, নাজির উদ্দিনসহ দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ।