সেই প্রেমিককেই বিয়ে করছেন জাপানের রাজকুমারী মাকো

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২২:৫৫

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাপানের রাজকুমারী মাকো। এই বিয়ে নিয়ে চলা কয়েক বছরের বিতর্কের অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। সাধারণ পরিবারে জন্ম নেওয়া তার সহপাঠী সেই পুরোনো প্রেমিক কোমুরোই হতে যাচ্ছেন তার স্বামী। আগামী ২৬ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে জানা গেছে। জাপানের রাজপ্রাসাদের ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি        তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে। ২০১২ সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় প্রিন্সেস মাকো ও কেই কোমুরোর। এরপর তা ভালোবাসার সম্পর্কে গড়ায়। ২০১৭ সালে তাদের বাগ্দানও সম্পন্ন হয়।

প্রিন্সেস মাকো বাগ্দানের ঘোষণা দেওয়ার এক বছর পর ২০১৮ সালে বিয়ে করার পরিকল্পনার কথা জানা গিয়েছিল। কিন্তু রাজপরিবার ও একটি সাধারণ পরিবারে বিয়ে নিয়ে তৈরি হয় নানা জটিলতা। পিছিয়ে যায় বিয়ের আয়োজন। দুই বছর পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো। বিয়ের পর রাজপ্রাসাদ ছেড়ে স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন প্রিন্সেস মাকো। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কোমুরো। নিয়ম অনুযায়ী, জাপানি রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজপুত্র কিংবা রাজকুমারীকে রাজকীয় পদমর্যাদা হারাতে হয় এবং রাজপ্রাসাদের সবকিছু থেকে বঞ্চিত হন। মাকোর ক্ষেত্রেও তাই ঘটবে। রাজপ্রাসাদের জৌলুসপূর্ণ জীবনযাপন ছেড়ে তাকে সাধারণ পরিবারের সদস্য হতে হবে। —সিএনএন