মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায়দের মধ্যে চেক প্রদান করা হয়। গতকাল শুক্রবার চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী ও চেক তুলে দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ত্রাণ উপকমিটির সদস্যসচিব সুজিত রায় নন্দী। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, নৌ-পুলিশ, চাঁদপুর প্রেসক্লাব, সরকারি কলেজ, মহিলা কলেজ, পুরানবাজার ডিগ্রি কলেজ, জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের কাছে সার্জিক্যাল মাস্ক, এন-৯৫ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়। এছাড়া ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে প্রাধানমন্ত্রীর তহবিল থেকে ৪ লাখ ৭০ হাজার টাকার চেক সহায়তা দেওয়া হয়।
এ সময় সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মাটি ও মানুষের প্রিয় নেত্রী। তার দক্ষতা, দূরদর্শিতা এবং মেধার কল্যানে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বৈশ্বিক মহামারি করোনার এই দুর্যোগে পৃথিবীর অনেক দেশের অর্থনীতিতে ধস নেমেছে; কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। ফলে বাংলাদেশ অনেকটাই ভালো আছে। তবে করোনার প্রকোপ এখনো পুরোপুরি কমেনি। তাই আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
