দুর্গাপুরে নৌকায় ভোট না দিতে আওয়ামী লীগ নেতার নির্দেশ!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে নৌকায় ভোট না দিতে নির্দেশ দিয়েছেন আব্দুল মজিদ সরদার। একই সঙ্গে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ নিজেকে চেয়ারম্যান পদের প্রার্থী ঘোষণা করেছেন। রবিবার মাগরিবের নামাজের আগে দুর্গাপুর পৌরসভা চত্বরে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের একাংশের সমাবেশে তিনি এ নির্দেশ ও প্রার্থিতা ঘোষণা দেন। 

গত শনিবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে পুনরায় মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। ওইদিন বিকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয় মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের হাতে। এর প্রেক্ষিতে ওইদিন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দুর্গাপুর পৌরসভা চত্বরে সভা ডেকে দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আব্দুল মজিদ সরদার। এমনকি নৌকা প্রতীকে ভোট না দিতেও সমর্থক নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন।