রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের অবৈধভাবে ১৩৯ জন আউটসোর্সিং কর্মীকে ১৫ মাসের বেতন না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের আউটসোর্সিং ঠিকাদার গোলাম কিবরিয়া খান রাজা কর্মীদের বেতন না দিয়ে চাকরিচ্যুত করেছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীরা। তারা ঐ ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও তাদের পাওনা পরিশোধে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানান। সংবাদ সম্মেলনে আউটসোর্সিং কর্মীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুন নাহার।
লিখিত বক্তব্যে বলা হয়, মুগদা জেনারেল হাসপতাল প্রতিষ্ঠালগ্ন থেকে তারা ১৩৯ জন আউটসোর্সিং কর্মী কাজ করে আসছিলেন; কিন্তু তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হতো না। বেতন চাইতে গেলেই ঠিকাদার তাদেরকে গালিগালাজ করেন। তিনি চাকরিচ্যুতির হুমকিও দিতেন। এক পর্যায়ে গত বছরের ফেব্রুয়ারি মাসে তারা আন্দোলনে নামে। পরে তাদেরকে ১৫ মাসের বকেয়া বেতন না দিয়ে ঠিকাদার চাকরিচ্যুত করে।
অভিযোগ প্রসঙ্গে আউটসোর্সিং ঠিকাদার গোলাম কিবরিয়া খান রাজা বলেন, তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
