দ্বিপাক্ষিক বাণিজ্য সমপ্রসারণে সম্মত বাংলাদেশ ও মেক্সিকো

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০০:১৯

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। সম্প্রতি মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর উদ্যাপন উপলক্ষ্যে সে দেশ সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং মেক্সিকোর বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী লুজ মারিয়া ডি লা মোরা স্যানচেজের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে সম্মত হয় দুই পক্ষ।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, মেক্সিকোর উপমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মেক্সিকোর উপমন্ত্রী বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে মেক্সিকো সিটিতে বাণিজ্য বিষয়ক সেমিনার ও প্রদর্শনী আয়োজনের প্রস্তাব করেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানান। এ সময় মিয়ানামারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়ে বহুপাক্ষিক বিভিন্ন প্ল্যাটফরমে অব্যাহতভাবে সমর্থন প্রদানের জন্য মেক্সিকো সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এবং মেক্সিকোর শীর্ষ ব্যবসায়ী সংগঠন সিওএমসিইর মধ্যে একটি সমঝোতা স্মারকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন লুজ মারিয়া ডি লা মোরা স্যানচেজ।