গত মাসে ৫২৫ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার, বাল্যবিবাহ ১৮৫

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০০:২২

চলতি বছরের কেবল সদ্য বিদায়ি সেপ্টেম্বর মাসে ১৮৫টি বাল্যবিবাহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১৯০টি । তার মধ্যে প্রতিরোধ করা হয়েছে পাঁচটি। ৩৩৮ জন কন্যাশিশু নির্যাতন এবং ১৮৭ জন নারী নির্যাতনের শিকার হওয়ার ঘটনাসহ মোট ৫২৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১১৭ জন । তার মধ্যে ৫৮ কন্যাশিশু ধর্ষণের শিকার, তিন জন দলবদ্ধ ধর্ষণের শিকার, তিন জন ধর্ষণের পর হত্যা ও দুই জন ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে।

এছাড়াও ১০ কন্যাশিশুসহ ১৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এক কন্যাশিশুসহ দুই জন শ্লীলতাহানির শিকার হয়েছে। তিন কন্যাশিশুসহ আট জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। অ্যাসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে চার জনের। চার কন্যাশিশু উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ২০ কন্যাশিশুসহ ২২ জন অপহূত ও দুই জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। নারী পাচারের শিকার হয়েছে চার জন। তার মধ্যে যৌনপল্লিতে বিক্রি হয়েছে দুই জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ২১ জন। তার মধ্যে পাঁচ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে সাত কন্যাশিশুসহ মোট ৩০ জন। বিভিন্ন কারণে ১০ কন্যাশিশুসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও দুই কন্যাশিশুসহ পাঁচ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৫ কন্যাশিশুসহ ৩৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ফতোয়ার ঘটনা ঘটেছে একটি। তিন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে সাত জন।