ভারতের পাঞ্জাবে ক্ষমতাসীন দল কংগ্রেসে উত্তেজনা কিছুটা কমেছে! রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগের পর আবারও দায়িত্বে থাকার কথা জানিয়েছেন নভজ্যোত সিং সিধু। মন্ত্রিসভায় বিতর্কিত নিয়োগ নিয়ে বৃহস্পতিবার পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চারনজিত্ সিং চান্নির সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন মূল্যায়নে একটি কমিটি গঠনের ব্যাপারে একমত হয়েছেন। এর পরই পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন সিধু।
আগামী বছর পাঞ্জাবে বিধানসভার নির্বাচনের আগে সভাপতির পদত্যাগে সংকটে পড়ে রাজ্য কংগ্রেস। তবে সিধু ফিরে আসায় আপাতত সংকট সামাল দেওয়া গেছে বলে মনে করছেন অনেকেই। যদিও সম্প্রতি পদত্যাগ করা মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, তিনি কংগ্রেস ছাড়ছেন। তবে বিজেপিতে যোগ দিচ্ছেন না। তিনি বলেন, অপমান সহ্য করে আর কংগ্রেসে থাকবেন না। যথা সময়ে পদত্যাগপত্র জমা দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাঞ্জাব সংকটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের অভ্যন্তরীণ কোন্দলও প্রকাশ্যে আসছে।
