কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচি তাহমিনা বেগমের (৩২) মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ফুকরা ইউনিয়নের ঘুঘালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাহমিনা বেগম ওই গ্রামের রবিউল শেখের স্ত্রী। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, তাহমিনা সকালে বাড়ির উঠানের চুলায় তরকারি রান্না করে সেখানে রেখে আসে। এ সময় ভাসুর নান্না শেখের ছেলে (ভাতিজা) সজিব শেখের পালিত কুকুর ওই তরকারি খেয়ে ফেলে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও ঝগড়াঝাটি শুরু হয়। একপর্যায়ে ভাতিজা ছুরি দিয়ে কুপিয়ে চাচিকে জখম করে। পরিবারের সদস্যরা তাকে প্রথম গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টায় তাহমিনা মারা যান। এ ঘটনার পর থেকে ভাতিজা সজিব শেখ পলাতক রয়েছে।
