মেহেরপুরে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৩:৫৭

মেহেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামছুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

আজ শনিবার (০২ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ ঘটনা ঘটে। সামছুল ইসলাম দক্ষিণ শালিকা গ্রামের আরশাদ আলীর ছেলে।

সামছুল ইসলামের ছেলে পল্লী চিকিৎসক আব্দুস সামাদ বলেন, জমির সীমানা নিয়ে গত কয়েকদিন যাবৎ প্রতিবেশি শরিফ হালসানা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে শরিফ হালসানার নেতৃত্বে তার সহযোগিরা বাড়িতে এসে প্রথমে আমার বাবাকে মারধর করে পরে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। 

ক্যান্সার চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রীর মৃত্যু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. দারা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। সামছুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে সামছুল ইসলামের প্রতিপক্ষ শরিফ হালসানার সঙ্গে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলাল উদ্দীন জানান, সামছুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিলো। তবে তার শরীরে আঘাতে চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে কী কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

ইত্তেফাক/কেকে