সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
সরাইলে আট দিন ধরে নিখোঁজ রয়েছে জিয়াউল ইসলাম (১২) নামে এক শিশু। সে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের আহাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ওই শিশুর বড়ভাই উজ্জ্বল মিয়া বাদী হয়ে একই গ্রামের আশ্রাফুর রহমানের বিরুদ্ধে সরাইল থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।
জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশু জিয়াউল ইসলাম আঁখিতারা বাজারে আনজু মিয়ার চায়ের দোকানে যায়। দোকানের টিভিতে তখন বিপিএল ক্রিকেট খেলা চলছিল। এ সময় ক্রিকেট জুয়াড়ি আশ্রাফুর রহমানের সাথে ক্রিকেটে বাজি ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে জিয়াউলকে খুন করে লাশ গুমের হুমকি দেয়। আশপাশের লোকজন এসে জিয়াউলকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরদিন ৩ জানুয়ারি সকালে গ্রামীণ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে আশরাফুর রহমান পলাতক রয়েছে।
