বিএনপি জনগণ থেকে এতো দূরে সরে গেছে যে আগামী নির্বাচন দূরে থাক, তাদের জীবদ্দশায় আর কখনো ক্ষমতায় আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি আজ শনিবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই। অতীতের কুকর্ম, সন্ত্রাস, নাশকতামূলক কার্যক্রমের জন্য জনগণের থেকে এতোটাই দূরে সরে গেছে যে, আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর ক্ষমতায় আসতে পারবে কি না তা নিয়ে জনগণ ভাবছে না।
দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা বিষয়ে তিনি বলেন, আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ স্বতঃ:স্ফুর্তভাবে ভোটদান করে তাদের পছন্দের দলকে বিজয়ী করুক। তবে বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মেজর (অব.) রফিকুল ইসলাম এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
ইত্তেফাক/এসআই
