জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, গ্রামীণ সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তনে আমরা ৩৪ বছর ধরে নানা সেবা দানে সচেষ্ট রয়েছি। এ ক্ষেত্রে আমাদের এই অবহেলিত এলাকার বাসিন্দাদের প্রতি সরকারের যেমন সুনজর ও সদিচ্ছা রয়েছে, তেমনি আল্লাহর রহমতও রয়েছে। বিদ্যুত্, সড়ক যোগাযোগ, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য অভিযোজন কর্মসূচি, লবণাক্ত পানির বদলে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ইত্যাদি নানা কর্মসূচি বাস্তবায়নে আমরা যথেষ্ট সফল হয়েছি। এই অর্জন আমাদের আরও বাড়াতে হবে। বর্তমান সরকারের অর্থের অভাব নেই, অতীতের মতই আমরা ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা চালিয়ে যাবো।
তিনি গতকাল সোমবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ও ইকড়িতে দু’টি পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, এ এলাকা ছিল নদী ভাঙন কবলিত, যোগাযোগ দুর্গম, সুপেয় পানির অভাব ক্লিষ্ট নানা আন্ত্রিক রোগের শিকার একটি লোকালয়। দীর্ঘ ৩৪ বছরের চেষ্টায় লঞ্চ বা নৌ যোগাযোগের বদলে এখানে রাস্তা, কালভার্ট, পুল ইত্যাদি নির্মিত হয়েছে। বিদ্যুত্ সংযোগ এসেছে, ঝড়-জলোচ্ছ্বাসে বিপন্ন মানুষের জন্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মিত হয়েছে, নদী ভাঙন রোধে ৫৫০ কোটি টাকা ব্যয়ে ভেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে লবণাক্ত পানি বদলে বিশুদ্ধ নিরাপদ পানির সরবরাহ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলায় ২০০৭ সালের সিডর বিধ্বস্ত বেড়িবাঁধ নির্মাণসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বাসিন্দাদের অভিযোজনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন চলছে। এ সব প্রকল্প বাস্তবায়নে আমরা উল্লেখযোগ্য অবকাঠামো নির্মাণে সক্ষম হয়েছি। এজন্য আল্লাহর প্রতি আমাদের শুকরিয়া আদায় করা উচিত।
আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বিকালে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জনসাধারণের মাঝে বিশুদ্ধপানি সরবরাহ প্রকল্পের আওতায় আটটি ‘রিভার্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় তেলিখালী বাজারে পুরোনো ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে স্বতঃস্ফূর্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন তেলিখালী ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভাণ্ডারিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া বেগম প্রমুখ। ইকড়ি বাসস্ট্যান্ডে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, সহকারী প্রকৌশলী জয়দেব দত্ত, ‘রিভার্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এফটিএল-জেভি ওয়াটার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মনিরুজ্জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা চৌধুরী, পরিচালক আমিনুল ইসলাম স্বপন প্রমুখ। লবণাক্ত পানি দূষণমুক্ত করে অভিশ্রবণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের জন্য ভাণ্ডারিয়ার তেলিখালী ইউনিয়নে আটটি এবং ইকড়ি ইউনিয়নে ছয়টি ‘রিভার্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ করা হচ্ছে। প্রতিটি প্ল্যান্টের মাধ্যমে প্রতি ঘন্টায় ২০০০ লিটার নিরাপদ পানি সরবরাহের উদ্দেশ্যে মোট ১৪টি প্ল্যান্টের ব্যয় বরাদ্দ হচ্ছে প্রায় সাত কোটি টাকা।
এ প্রকল্প আগামী এক বছরের মধ্যে বাস্তবায়ন হবে বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তেলিখালীর সম্প্রতি প্রয়াত ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ইকড়ি ইউনিয়নের জনসাধারণের মাঝে বিশুদ্ধপানি সরবরাহ প্রকল্পের আওতায় ছয়টি ‘রিভার্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে ইকড়ি বাসস্ট্যান্ডে দোয়া ও মোনাজাতে অংশ নেন। রাতে ধাওয়া ইউনিয়নের রাজপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৭নং পশারিবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ ছাড়া আনোয়ার হোসেন মঞ্জু বিকালে বিআইডব্লিউটিএ’র ভাণ্ডারিয়া লঞ্চঘাটে একটি সেমিপাকা যাত্রী বিশ্রামাগার নির্মাণ ও গভীর নলকূপ স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় বিআইডব্লিউটিএ’র বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে ভাণ্ডারিয়ার পৌরসভার ১নং ওয়ার্ডের সরকারি কলেজ থেকে দুলাল রায়ের বাড়ী হয়ে বটতলা পর্যন্ত কার্পেটিং রাস্তা সংস্কারের উদ্বোধন করা হয়।
এছাড়া ভাণ্ডারিয়া পৌরসভার ৭৬নং দক্ষিণ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গৌরীপুর ইউনিয়নের উত্তর চড়াইল মাধবপুরা জাহাঙ্গীর আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
