২০২২ সালে তুরস্কে ৩ লাখ কম্প্রেসর রপ্তানি করবে ওয়ালটন। এজন্য দেশটির অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য উত্পাদন ও আমদানিকারক প্রতিষ্ঠান কার্গি সগুতমা ইসিতমা স্যান. ভি টিক. লিমিটেড এসটিআই-এর সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ইতোমধ্যেই কার্গির মাধ্যমে তুরস্কে ২ লাখ ওয়ালটন কম্প্রেসর রপ্তানি হয়েছে। সব মিলিয়ে ২০২৩ সালের মধ্যে দেশটিতে ১০ লাখ কম্প্রেসর রপ্তানির টার্গেট নিয়েছে ওয়ালটন।
গত বৃহস্পতিবার তুরস্কের বৃহত্তম শহর ও প্রধান সমুদ্রবন্দর ইস্তাম্বুলের আইএসকে সোডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন ও কার্গির মধ্যে ঐ চুক্তিটি সই হয়। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্বের অন্যতম বৃহত্ ঐ আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি চলে। মেলায় প্রথমবারের মতো অংশ নেয় ওয়ালটন। সৌদি আরব, গ্রিস, ইরাক, ইরান, লেবানন ইত্যাদি দেশের ব্যবসায়ীরা ওয়ালটন কম্প্রেসরসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যাপারে আগ্রহ দেখান। ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড কিম এবং কার্গির ব্যবস্থাপনা পরিচালক এমিন কার্গি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক এস এম মাহবুবুল আলম, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তানভীর রহমান ও মাহফুজুর রহমান, কম্প্রেসর প্রোডাক্টের ডেপুটি চিফ বিজনেস অফিসার নাসির উদ্দিন মণ্ডল প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
