নবাবগঞ্জে বেহাল রাস্তা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৩

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পশ্চিম পাতিলঝাপ-বাঁশনল বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলজিইডির রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তা পানিতে তলিয়ে মাঝে মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী।

সরেজমিন গিয়ে জানা গেছে, রাস্তাটি পশ্চিম পাতিলঝাপ প্রধান সড়কের করিমন নেছা মাদ্রাসা হয়ে ৩৫নং পশ্চিম পাতিলঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বাঁশনল বাজারের চৌরাস্তায় গিয়ে মিশেছে। রাস্তাটি দীর্ঘ ৪০ বছর আগে ইটের সলিং করা হলেও ইটের উপর মাটির স্তর পড়ে গেছে। রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। তার ওপর সামান্য বৃষ্টি হলে পানিতে রাস্তা তলিয়ে যায়। এ সময় চলাচলের অনুপযোগী হয়ে দুর্ভোগ পোহায় মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। হাটবাজার ও বাণিজ্যিককেন্দ্র নবাবগঞ্জ সদরে যেতে বাঁশনল বাজার হয়ে হরিস্কুল হয়ে যেতে হয়। আর বিকল্প কোনো রাস্তা না থাকায় বৃষ্টির মৌসুমে খালি পায়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে।

এ ছাড়া এ এলাকায় বছর জুড়ে কয়েক শ পুকুরে মাছের রেণু-পোনা উত্পাদন করা হচ্ছে। যা দোহার, নবাবগঞ্জ উপজেলাসহ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারিপুরসহ আশপাশের জেলাগুলোতে বাজারজাত করা হচ্ছে। এসব রেণু-পোনাসহ উত্পাদিত মাছ বাজারজাতে আনা-নেওয়ায় এই রাস্তাটি অত্যন্ত গুরুত্ব বহন করছে।

উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য বলেন, ‘রাস্তার এক কিলোমিটার কাজ বাস্তবায়নে দ্রুত টেন্ডার আহ্বান করা হবে। বাকি দেড় কিলোমিটারের প্রকল্পের জন্য এমপি মহোদয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।’