জয় ভুলে সামনে হাঁটছে জামালরা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৬

স্পোর্টস রিপোর্টার

সাফে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সুন্দর সূচনা করেছে। প্রথম জয়টা ভুলে গিয়ে সামনে ভারত নিয়ে ভাবছেন বাংলাদেশের ফুটবলাররা। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের মাথায় ঘুরপাক খাচ্ছে সামনে পাহাড় দাঁড়িয়ে, শক্তিশালী ভারত। আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ। কোচের মাথায় শ্রীলঙ্কা ম্যাচের ভুলগুলো ছবি হয়ে ভেসে উঠছে। বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পলস্মলি। আছেন বিদেশি কোচিং স্টাফ। তারাও অস্কার ব্রুজনকে সহায়তা করছেন চিহ্নিত সমস্যাগুলো নিয়ে।

অস্কার ব্রুজন তিন বছর ধরে বাংলাদেশে কাজ করছেন। দুটি সাফল্য এনে দিয়েছেন ক্লাব দল বসুন্ধরাকে। এদেশের খেলোয়াড়দের মানদণ্ড বুঝার অলিগলি পথটা ভালো জানা আছে। ভারত কেমন শক্তিশালী সেই পরিমাপটাও ব্রুজনের জানা। পাল্লায় ওজন করলে বেরিয়ে আসে সুনীল ছেত্রীদের মান আর জামাল ভুঁইয়াদের মান। অসম শক্তির লড়াইয়ে বাংলাদেশকে পেছন থেকে শুরু করতে হবে। গোল পোস্টের দরজা সিলগালা করে প্রতিপক্ষ দলের গোলের দরজা খোলা যাবে নাকি নিজেদের দরজা বন্ধ রাখার মিশনে নামবে সেটা আজ নির্ধারণ করবেন অস্কার ব্রুজনের কোচিং স্টাফরা। তারা মাথায় রাখছেন আজ সাফে ভারতের প্রথম ম্যাচ। অতএব ভারত সর্বশক্তি নিয়োগ করবে।

জ্বর সেরে মিডফিল্ডার সোহেল রানা অনুশীলনে নামলেও ডিফেন্ডার রেজা এখনও অসুস্থ। সোহেল রানা আগামিকাল ভারতের বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। খেলার পরদিন রিকভারি সেশন হয়। যারা যতটুকু খেলেছে তাদের ঘাটতিটুকু অনুশীলন করানো হয়েছে। কোচ অস্কার ব্রুজন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। পাঠিয়েছিলেন কোচিং স্টাফদের এক জন সাবেক ফুটবলার মাহবুব হোসেন রকসিকে। তিনি এসে জানালেন, ‘আমরা প্রথম ম্যাচে খেলোয়াড়দের কাছে যেভাবে চেয়েছিলাম তারা সেভাবে দিতে পেরেছে। উইংনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, খেলেয়াড়রা প্রথম মিশনে সাকসেস। এখন আমাদের গোল বাড়াতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে গোল করার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কিন্তু গোল হচ্ছে ভাগ্যের ওপর নির্ভর করে, সঙ্গে স্কিল। দুটোকে সমন্বয় করে  গোল পাওয়া যায়।’ শ্রীলঙ্কার বিপক্ষে বল পজেশনে বাংলাদেশ এগিয়ে ছিল। দুই প্রান্ত হতে আক্রমণের ছবিও দেখা গেছে। কিন্তু গোলমুখে গিয়ে সব মুখ থুবড়ে পড়েছিল, জামাল, সুফিল, ইব্রাহিম, মতিন মিয়া, জুয়েল রানা, সুমন রেজারা পারছিলেন না। ডিফেন্ডার তপু বর্মন তার জায়গা হতে উঠে গিয়ে শ্রীলঙ্কার বক্সে হানা দিয়েছেন। রক্সি বললেন, ‘ফিনিশিং নিয়ে কাজ করা হচ্ছে। আমরা খেলোয়াড়দের জানিয়েছি স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। এখন ভারত নিয়েই যত ভাবনা।’