ঢাকা-রাজশাহীতে জমাট লড়াই

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৮

বিসিবি নির্বাচন

ভোটে জয়ের আশায় দুর্জয়-টিটুরা

 জান-ই-আলম

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। জেলা, বিভাগের ক্যাটাগরি-১ থেকে চট্টগ্রাম (২), খুলনা (২), সিলেট (১), বরিশাল (১), রংপুর (১) বিভাগের সাত পরিচালক ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তবে জমজমাট ভোটের লড়াইয়ের আভাস মিলছে ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে। ঢাকার দুটি পরিচালক পদে প্রার্থী চার জন। এখানে ভোটার ১৮ জন।

গত নির্বাচনে পাশ করা সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সঙ্গে প্রার্থী হয়েছেন তানভীর আহমেদ টিটু ও খালিদ হোসেন ইয়াদ। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই। কাউন্সলিরদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় এখন ভোটের লড়াইয়ের অপেক্ষায় সবাই।

সাবেক অধিনায়ক দুর্জয় বিসিবিতে নির্বাচন করে অভ্যস্ত। গতবারের ন্যায় এবারও জয়ের আশা করছেন তিনি। মানিকগঞ্জের কাউন্সিলর দুর্জয় গতকাল বলেছেন, ‘আমার তো কাউন্সিলরদের সঙ্গে যতটুকু যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, তারা খুব ইতিবাচক, ভালো সাড়া পাচ্ছি, আমি আশাবাদী। কাজ করার চেষ্টা করেছি, সেই কাজের ফলে তো আশা করি কাউন্সিলররা পক্ষে থাকবেন।’ নারায়ণগঞ্জের কাউন্সিলর তানভীর আহমেদ টিটু গত নির্বাচনে হেরেছিলেন। এবার কাউন্সিলরদের রায় পাওয়ার আশায় আছেন তিনি। গতকাল বলেছেন, ‘নির্বাচনের বিষয়ে আসলে আমি গতবারও আত্মবিশ্বাসী ছিলাম, এবারও আছি। জেলা-বিভাগ থেকে যারা কাউন্সিলর তারা জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত। সবাই আমরা জানি যে, কে কোথায় কি কাজ করেছে। আমি যে কাজগুলো এতদিন করেছি, সেই কাজের মূল্যায়নের আশাতেই আমি আশা করি, কাউন্সিলররা এবার আমাকে ভোট দিবে এবং আমাকে জেতাবে।’

মাদারীপুরের কাউন্সিলর খালিদ হোসেন ইয়াদ (ইয়াদ আলী) এবারই প্রথম বিসিবির পরিচালক পদে প্রার্থী হয়েছেন। মাদারীপুর পৌরসভার মেয়র ইয়াদ আলীও সাবেক ক্রিকেটার। বাংলাদেশ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান তিনি। গতকাল বলেছেন, ‘আমাদের বৃহত্তর ফরিদপুর থেকে কিন্তু কোনো পরিচালক নেই। আমি আশাবাদী বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আমি কাজ করতে পারব। যথেষ্ট ভালো সাড়া পেয়েছি ভোটারদের কাছ থেকে। তারা পরিবর্তন চায়, নতুনত্ব চায়। আমি আশাবাদী এখানে জিততে পারব।’

ভোটারদের দিকে তাকিয়ে স্বপন-পাইলট

বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগে একটি পরিচালক পদের জন্য লড়বেন সাইফুল আলম স্বপন চৌধুরী ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বর্তমান পরিচালক স্বপন পাবনা ও পাইলট রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। রাজশাহীতে মোট ভোটার ৯ জন। দুজনই এখন ভোটারদের রায়ের অপেক্ষায়।

গতকাল জানতে চাইলে স্বপন বলেছেন, ‘আসলে প্রত্যেকটা প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদী। ভোট দিবে কাউন্সিলররা। কাউন্সিলররা যেটা ভালো মনে করবে, যোগ্য প্রার্থীকে অবশ্যই ভোট দিবে।’

প্রথমবার বিসিবি নির্বাচনে শামিল হওয়া পাইলট গতকাল বলেছেন, ‘কাউন্সিলরদের সবার সুন্দর ইচ্ছা আছে যে ক্রিকেটার আসুক। আমি আশাবাদী অবশ্যই জয়ের ব্যাপারে। কাউন্সিলররা যদি সচেতন থাকে, নিজেদের এলাকার ক্রিকেটের উন্নয়নের বিষয়ে সচেতন থাকে, তাহলে অবশ্যই আশাবাদী হতেই পারি।’