ফিটনেস টেস্ট দিলেন ক্রিকেটাররা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:০৪

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পরবর্তী আসর শুরু হবে আগামী ১৭ অক্টোবর। এক সপ্তাহ ফিটনেস ক্যাম্পে কঠোর পরিশ্রম করেছেন ক্রিকেটাররা। শনিবার (২ অক্টোবর) এনসিএলের জন্য ফিটনেস টেস্ট দিয়েছেন দুই স্তরের আটটি দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। অতীতে বিপ টেস্ট হলেও এবার ইয়ো-ইয়ো টেস্টের মাধ্যমে নিজেদের ফিটনেসের সক্ষমতার প্রমাণ দিয়েছেন সবাই। কয়েকদিনের মধ্যেই দলগুলোর স্কিল ক্যাম্প শুরু হবে।

শনিবার ফিটনেস টেস্ট নিয়ে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সবার মোটামুটি খুব ভালো অবস্থা। এটা ভালো হওয়ার কারণ এবার প্রত্যেক দল অনেকদিন ফিটনেস ক্যাম্প করেছে। এবার কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে ওপরে আছে সবার নম্বর। এটা ইতিবাচক দিক।’

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে এনসিএলে ৩-৪টি ম্যাচ খেলতে পারবেন টেস্ট দলের ক্রিকেটাররা। রাজ্জাক বলেছেন, মুমিনুল-সাদমানরা অন্তত তিনটি ম্যাচ খেলতে পারবেন এনসিএলে। নভেম্বরে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

ইত্তেফাক/টিএ