দীর্ঘ ১৮ মাস পরে ফিরতে পেরেছি স্কুলে। করোনার সময়ে এই ১৮টি মাস যেন বন্দি হয়ে ছিলাম খাঁচার পাখির মতো! বাসায় বসে ভাবতাম, কবে যেতে পারব স্কুলে, কবে খেলতে পারব স্কুলমাঠে আবার সেই বন্ধুদের সঙ্গে। অবশেষে ১২ সেপ্টেম্বর যখন খুলে গেল স্কুল—তখন আমার সব ভাবনার যেন অবসান ঘটল। এক বুক আনন্দ নিয়ে যাওয়া-আসা করছি স্কুলে। খুবই ভালো লাগছে স্কুলে যেতে পেরে। নবম শ্রেণি সম্পূর্ণ পার হয়ে গেছে করোনার মধ্যে। তাই শিক্ষকরা খুব সুন্দরভাবে প্রতিটি ক্লাস বুঝিয়ে দিচ্ছেন মনোযোগ সহকারে; কিন্তু প্রতিদিন মাত্র দুটি করে ক্লাস পাচ্ছি। এতে আমাদের সিলেবাস সম্পন্ন করা সোনার হরিণের মতো বলে মনে হচ্ছে। করোনাকালে যেহেতু সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই স্কুলে আসছি, সেহেতু প্রতিদিন সবগুলো ক্লাস পেলে আমরা উপকৃত হতাম।
মেহেদী হাচান
দশম শ্রেণি, বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়,
ডিমলা, নীলফামারী
