রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

অবরোধ তুলে নিল শিক্ষার্থীরা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২২:৪৯

অবশেষে শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা পাঁচ দিন অবস্থান ধর্মঘট এবং দুই দিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসিসহ শিক্ষক, কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার পর গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ভবনের তালা খুলে দিয়ে অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ব্রিফিং করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র এ কে এম নাজমুল হোসাইন।

এদিকে, অবরোধ তুলে নিলেও দুই দিন অর্থাত্ সোমবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এই ৪৮ ঘণ্টার মধ্যে তাদের একমাত্র দাবি অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্ত করা। না হলে পুনরায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি             দিয়েছেন শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে এ কে এম নাজমুল হোসাইন আরো জানান, বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে ছাত্রদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চালু রেখে শুধু পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন সোমবারের মধ্যে দেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এরপরেই অবরোধ কর্মসূচি তুলে নিয়ে অন্যান্য কর্মসূচি শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রাতে বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন (২৫) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।  এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্বে থাকা তিনটি পদ থেকে সরে দাঁড়ান।