মির্জাপুরে কিশোরীকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০০:১৯

 মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই পালপাড়া কুনীরটেক এলাকায় ১৬-১৭ বছরের এক কিশোরীকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পরিত্যক্ত একটি স্থান থেকে গতকাল শনিবার তার লাশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি।

১০ নম্বর গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আদিল খান বলেন, ধারণা করা হচ্ছে—ঐ কিশোরী কোনো পোশাককারখানায় অথবা কোনো বাসায় গৃহপরিচারিকার কাজ করত। দুই-তিন দিন আগে দুর্বৃত্তরা ঐ কিশোরীকে অমানুষিক নির্যাতন করে হত্যার পর লাশ উক্ত এলাকায় পরিত্যক্ত জমিতে ফেলে রেখে যায়। সালোয়ার-কামিজ পরিহিত ঐ কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার দেহ ঝলসে দেওয়া হয়, থেতলে দেওয়া হয় তার মুখমণ্ডল। গলায় ও মুখে ওড়না প্যাঁচানো ছিল। গতকাল সকালে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মির্জাপুর থানার এসআই মো. মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঐ কিশোরীকে নির্যাতনের পর হত্যা করে লাশ উক্ত স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মির্জাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু বলেন, কিশোরীর পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্ত  চলছে। অপরাধীকে আইনের আওতায় আনা হবে।