বিশেষ প্রতিনিধি
রুম পারমিট ছাড়া রাজধানীতে চলাচলকারী বাস ও মিনিবাস বন্ধে এক মাসের অভিযানে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রবিবার থেকে শুরু হওয়া অভিযান চলবে ২ নভেম্বর পর্যন্ত। গতকাল শনিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ সিটি জানিয়েছে, ঢাকা মহানগরীতে শৃঙ্খলা আনতে ও যানজট নিরসনে এ অভিযান চালানো হবে। বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয় কমিটির ১৭তম সভায় এই সিদ্ধান্ত হয়। ডিএসসিসি, ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপির সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও যৌথ অভিযানের মাধ্যমে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধ করা হবে বলে জানায় ডিএসসিসি। এই কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
মাসব্যাপী এ অভিযানের জন্য প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েন চেয়ে বৃহস্পতিবার দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করা হয়েছে।
