তালা ভেঙ্গে হলে ঢুকে পড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০০:২০

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে তালা ভেঙে প্রবেশকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। এসব শিক্ষার্থীদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। এছাড়া বিভিন্ন হলে বিদ্যুত্ সংযোগ ও পানির লাইন চালু করে হলে অবস্থান করা শিক্ষার্থীদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডেন এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

এর আগে, গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ অক্টোবর হল খোলার নির্দেশনা দিলেও এই সিদ্ধান্ত ভেঙে ঐ দিন দুপুরেই হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

সিদ্ধান্তের বিষয়ে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ বলেন, হল পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে ঐ শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে। যেসব শিক্ষার্থী শৃঙ্খলা ভঙ্গ করে তালা ভেঙে হলে প্রবেশ করেছে, তাদের এই কাজের ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এছাড়া বিভিন্ন হলে যেসব শিক্ষার্থী বিদ্যুত্ ও পানির লাইন চালু করে অবস্থান করছে, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছে এবং হলের বৈদ্যুতিক লাইন ও পানির সংযোগ নিজ দায়িত্বে চালু করে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, হল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা হলে প্রবেশ এবং অবস্থান করছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে আগামী ৭ অক্টোবর ২০২১-এর মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির শনিবারের সভায় আগের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবরই হল খোলার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানা গেছে।