ইত্তেফাক ডেস্ক
চলতি বছরের শেষে জার্মানিতে জোট সরকার হতে পারে বলে জানিয়েছেন এসডিপি দলের এক সিনিয়র নেতা। গতকাল শনিবার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে ঐ নেতা বলেন, ইতিমধ্যে সরকার গড়তে অংশীদার খোঁজা হচ্ছে। খবর রয়টার্সের
গত রবিবারের নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পায় সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টি বা এসডিপি। দলটির নেতা নর্বার্ট ওয়াল্টার বোর্জান্স বলেন, গ্রিন পার্টি এবং ব্যবসায়বান্ধব ফ্রি ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে সমঝোতা হতে পারে। এর মাধ্যমে ‘ট্রাফিক লাইট’ জোট হতে পারে। ওয়েল্ট অ্যাম সোনটাগ পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে নর্বার্ট ওয়াল্টার বোর্জান্স বলেন, চলতি বছরের শেষে যে সরকার হবে সেটা বোঝাই যাচ্ছে। তিনি জানান, অক্টোবরে জোট সরকার নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে এবং ডিসেম্বরে গিয়ে শেষ হবে। গ্রিন পার্টির নেতা অ্যান্নালেনা বায়েরবক জানিয়েছেন, তারা এখনো নিশ্চিত করে জোট সরকার নিয়ে কিছু বলতে পারছেন না। তবে তারা জলবায়ু ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন। তিনি দলের বৈঠকে বলেছেন, তারা সরকার গঠন নিয়ে খোলামেলা আলোচনা করতে চান। জোট সরকার গড়তে জার্মানিতে কয়েক মাস সময় লাগে। ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর নির্বাচনের পর সরকার গঠন করতে মার্চ মাস পর্যন্ত সময় লেগেছিল।
