আমরা টেকসই কৃষি উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছি : কৃষিমন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০০:২৪

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা টেকসই কৃষি উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। আমরা মঙ্গা শব্দটি দেশ থেকে তুলে দিতে চাই। এখন কৃষিতে উন্নতমানের প্রযুক্তি যুক্ত হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহার করে কৃষকরা ফসলের সর্বোচ্চ উত্পাদন করছেন।

শুক্রবার বিকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠান উপলক্ষ্যে সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আরো বলেন, বিনা-১৬ ও বিনা-১৭ জাতের চারা রোপণের ১০০ দিনের মধ্যে খেত থেকে ধান কর্তন করা যায়। এ ধানের ফলন ভালো এবং আবাদ করলে ফসলের নিবিড়তা বাড়বে। এই ধান কর্তন করে সরিষা, আলু চাষ করে আউশ ধানও ধরা যায়। এ জাতের ধান কৃষকদের মধ্যে বিপ্লব ঘটাবে বলে তিনি মন্তব্য করেন।

বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন

 কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বিধু ভূষণ রায়, তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, রংপুর জেলা পরিষদ সদস্য ও তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আতিয়ার রহমান, আলমপুর ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসার উর্মি তাবাসুম। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।