ডাকসুর ভোট ১১ মার্চ, মনোনয়নপত্র বিতরণ ১৯-২৫ ফেব্রুয়ারি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৮

১১ মার্চ ভোটের তারিখ ঠিক রেখে তফসিল ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের। কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আড্ডার মূল বিষয় ছিলো ডাকসু নির্বাচন। গতকাল সোমবার সে আড্ডা আরো জমে ওঠে। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান গতকাল সকালে নওয়াব আলী চৌধুরী  সিনেট ভবনে এই তফসিল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, একইদিনে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনও। পদাধিকার বলে হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষগণ হলে নোটিশ বোর্ডে হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

তফসিল অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ভোটার তালিকার বিষয়ে ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হল প্রাধ্যক্ষ অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১২টা হলে মনোনয়নপত্র জমা নেয়া হবে। ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি ?দুপুর ১২টায়। ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে প্রার্থিতা বিষয়ে আপত্তি গ্রহণ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২ মার্চ। ৩ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ছাত্রদল আন্দোলনে যাচ্ছে

তফসিল ঘোষণার পর ছাত্রলীগ স্বাগত জানালেও বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো। ছাত্রদলের নেতারা বলছেন, তারা হলে ভোট কেন্দ্র বাতিল, ক্যাম্পাসে ও হলে সহঅবস্থানের পরিবেশ নিশ্চিতসহ নতুন করে তফসিল ঘোষণার দাবিতে আন্দোলনে যাবে। গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মাহদী তালুকদার বলেন, এই তফসিল আমাদের আশাহত করেছে। কারণ কর্তৃপক্ষ আমাদের দাবি-দাওয়াকে উপেক্ষা করে তড়িঘড়ি করে ঘোষণা করেছে।

কোটা আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যেন ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতের পরই তফসিল ঘোষণা করা হয়। কিন্তু প্রশাসন তার আগেই তফসিল দিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, ছাত্রলীগ এই তফসিলকে স্বাগত জানিয়েছে।