নীলফামারীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬:৩২

বজ্রপাতে নীলফামারীর পৃথক স্থানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় ২ জন আহত হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চ পুকুর ইউনিয়নে উত্তরাশশী মিল বাজার এলাকার রবিউল ইসলাম (৩২) ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৩)। 

রবিবার (৩ অক্টোবর) দুপুরে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রবিউল ইসলাম উত্তরাশশী মিল বাজার এলাকার মোখছেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক। এসময় একজন আহত হয়েছেন। অপরদিকে আশরাফুল ইসলাম ঘোনপাড়া গ্রামের মৃত বালিয়া মামুদের ছেলে। এসময় গুরুতর আহত হয়েছেন মমিনুর রহমান নামে আরেকজন।

এলাকাবাসীরা জানায়, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কয়েকজন যুবক পঞ্চ পুকুরের মিল বাজারের দিকে হেটে যাচ্ছিলেন। হঠাৎ আকাশের বিকট শব্দে রবিউল মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায়। এসময় একজন আহত হয়। অপরদিকে পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম নিহত হয় এবং মমিনুর রহমান গুরুত্বর আহত হয়।

পঞ্চ পুকুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবর রহমান সরকার ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বজ্রপাতে রবিউল ইসলাম এবং আশরাফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ।


ইত্তেফাক/এমএএম