‘ইয়াং গ্লোবাল চেঞ্জমেকারস’ অ্যাওয়ার্ড পেলেন মবিন সিকদার

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২০:০০

  মাহবুব আলম

 

মবিন সিকদার ২০১৮ সালের ৩১ মে গড়ে তুলেছেন ‘সাইন্স বি’ নামের বিজ্ঞানভিত্তিক সংগঠন। যে সংগঠন দেশে বিজ্ঞান শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূরীকরণে কাজ করছে। যা বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞানভিত্তিক এডুকেশন প্ল্যাটফরম। এই ‘সাইন্স বি’র প্রতিষ্ঠাতা এবার টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনে অসামান্য অবদান রাখায় ‘ইয়াং গ্লোবাল চেঞ্জমেকারস অ্যাওয়ার্ড-২০২১’ জয় করলেন। মবিন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের ছাত্র। গত ২৬ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মবিন সিকদার বলেন, ‘যে কোনো ধরনের প্রাপ্তিকে আমি অনেক বড় করে দেখি। এটি আমার প্রথম আন্তর্জাতিক পুরস্কার। যার কারণে খুশির মাত্রাটা অন্য যে কোনো সময়ের চেয়েই অনেক বেশি। এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাকে আরো বেশি করে অনুপ্রেরণা দিচ্ছে।’ একেকটা স্টেপ, চ্যালেঞ্জ, অ্যাওয়ার্ড আমাকে মনে করিয়ে দেয় আরো বেশি করে কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে ‘সায়েন্স বি’ প্রতিষ্ঠা করেছিলাম, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আরো দৃঢ়ভাবে কর্মকাণ্ড চালিয়ে যাব।