ঘেরের আইলে মরুর ফল

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:১৮

এনামুল হক, খুলনা অফিস

দীর্ঘদিন ধরে ঘেরের পাড়ে বছরব্যাপী নানান জাতের সবজি চাষ করছেন খুলনার কৃষকরা। সেই তালিকায় এবার যোগ হয়েছে মরু অঞ্চলের ফল রকমেলন। খুলনার রূপসা উপজেলার ডোবা গ্রামের কৃষক ক্ষিতিষ বৈরাগী প্রথমবার এ ফল চাষ করে সফলতা পেয়েছেন। ঘেরের পাড়ে উচ্চমূল্যের রকমেলন ফল চাষ করে স্বল্প সময়ে অধিক ফলন ও দাম পেয়ে খুশি তিনি। তার এমন সাফল্য দেখে এলাকার অন্যান্য চাষিও এ ফল চাষে উত্সাহিত হয়েছেন।

জানা যায়, রকমেলন মরু অঞ্চলের একটি জনপ্রিয় ফল। সৌদি আরবে এ ফলকে ‘সাম্মাম’ বলে। কোনো কোনো দেশে এটি খরমুজ, খরবুজ, কেন্টালোপ, সুইট মেলন, মাস্ক মেলন, হানিডিউ প্রভৃতি নামেও পরিচিত। জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রকমেলন বেশ জনপ্রিয়।

সরেজমিন ডোবা গ্রামে ক্ষিতিষ বৈরাগীর খেতে গিয়ে দেখা যায়, মাছের ঘেরের পাড়ে মাচায় ঝুলছে নানা রঙের ছোট-বড় রকমেলন ফল। আবার কোনো কোনো গাছে ফুটেছে ফুল। পুরো খেতটি সবুজে ঘেরা। খেতে রকমেলন গাছের পরিচর্যা করছেন ক্ষিতিষ বৈরাগী। তিনি জানান, গত বছর ভারতের রাজধানী দিল্লি গিয়েছিলেন। সেখানে রকমেলন ফল খেয়ে এ চাষে আগ্রহ জাগে তার। সেই ইচ্ছে বাস্তবে রূপ দিতে দেশে ফিরে এ বছর মাছের ঘেরের পাড়ে ১০ শতক জমিতে রকমেলন চাষ করেন তিনি। বর্তমানে প্রতি গাছে পাঁচ-ছয়টি করে ফল ধরেছে। একেকটি ফলের ওজন হয়েছে গড়ে এক থেকে তিন কেজি। ফল বড় হওয়া শুরু হলে যাতে ছিঁড়ে না পড়ে সেজন্য তা থলের মতো নেটের ব্যাগ দিয়ে মাচার সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখতে হয়েছে। তার খেতে উত্পন্ন অধিকাংশ ফল দেখতে ঘিয়ে রঙের গোলাকার এবং ভেতরের শাঁস হালকা হলুদ। অনেকটা আমাদের দেশীয় ফল বাঙ্গির মতো।

তিনি আরো জানান, ঘেরের পাড়ের এই ১০ শতক জমিতে রকমেলন চাষে বীজ, মাদা তৈরি, সার, মাচা তৈরি, শ্রমিক ও কীটনাশক বাবদ তার মাত্র ৫ হাজার টাকা খরচ হয়েছে। বীজ বপনের দুই মাস পর থেকে তিনি ফল বিক্রি শুরু করেন। এ পর্যন্ত পাইকারি বাজারে ১০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার টাকার রকমেলন বিক্রি করেছেন।

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান বলেন, ক্ষিতিষ বৈরাগী উপজেলায় প্রথম নতুন ফসল রকমেলন চাষ করে সাফল্য পেয়েছেন। ইতিমধ্যে তার খেত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করা হয়েছে। তার সফলতা দেখে এলাকার আরো অনেকে এ চাষে আগ্রহী হয়েছেন। ফলে আগামী বছর উপজেলায় রকমেলনের চাষ আরো বাড়বে বলে তিনি আশা করছেন।