চলনবিলে পাখির সমাগম বেড়েছে

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:১৯

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

পাখির সমাগম বেড়েছে চলনবিলের বিস্তীর্ণ অঞ্চলে। ঝাঁকে ঝাঁকে বক উড়ে বেড়াচ্ছে। মাছ খাওয়ার জন্য বিলের অল্প পানিতে নেমে পড়ছে। গতকাল শনিবার চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকরশন ও কুন্দইল গ্রামে এমন চিত্র দেখা যায়। তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম বলেন, শীতের আমেজ শুরু হতেই চলনবিলে পাখির আনাগোনা আরো বাড়বে। প্রতি বছর ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির পাখি চলনবিলে আসে। এ সময় পাখি শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, পাখি শিকার বন্ধে কড়া নজরদারি অব্যাহত রয়েছে।